করোনায় বিধ্বস্ত পুরো সিলেট। রয়েছে অক্সিজেন সঙ্কটও। এই করুণ মুহুর্তে নিজ নির্বাচনী এলাকাবাসীর পাশে দাঁড়ালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বরাদ্দ দিয়েছেন ১১টি অক্সিজেন সিলিন্ডারের। যা আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
রবিবার (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্সে ৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করবেন মন্ত্রী।
এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি ও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হবে।
উক্ত অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার , গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ,গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ ,উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, দেশে যত উন্নয়ন হচ্ছে তা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি নিজেকে শাসক বলেন না, তিনি নিজেকে সেবক বলেন। করোনা মহামারি মোকাবেলায় যখন পৃথিবীর অনেক দেশ সফল হতে পারেনি তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেধা ও প্রজ্ঞা দিয়ে করোনা মোকাবেলায় সফলতা দেখিয়েছেন।
মন্ত্রী বলেন, সরকার সবসময় অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে আছে। অক্সিজেনের অভাবে যাতে কোন করোনা রোগীর চিকিৎসা ব্যাহত না হয় সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে। মন্ত্রী করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে মানুষের পাশে থাকার আহবান জানিয়ে আরো বলেন, কোন মানুষ যেনো সেবার বাইরে না থাকে। মন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় তাঁর ব্যক্তিগত তহবিল থেকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি,জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি অক্সিজেন সিলিন্ডার বরাদ্দ দেওয়া হয়েছে।