আজ ,

জৈন্তাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
জৈন্তাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাচার সঙ্গে গরু চরাতে গিয়ে জৈন্তাপুরে খালের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ভাই-বোন।

শুক্রবার (২২মে) দুপুর ২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শিকারখা গ্রামের কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫), সালেহ আহমেদের ছেলে মুন্না আহমদ (৪)।

নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে শিশুদের চাচা জাকারিয়া আহমদ হাওরে গরু চরাতে যাওয়ার সময় তার পিছু নিয়ে সঙ্গে যায়। পরে তিনি তাদের বাড়িতে পাঠিয়ে দেন।

কিন্তু পরিবারের অজান্তে আবার কখন বাড়ির পাশ্ববর্তী ‘রাহুরখাল’ নামে পরিচিত খালে গোসল করতে যায় এবং সেখানে পানিতে ডুবে মারা যায়।

এ বিষয়ে জাকারিয়া আহমদ জানান, দুপুরে গরু চরাতে যাওয়ার সময় ভাতিজা-ভাতিজি আমার সঙ্গে যায়। পরে তাদের বাড়িতে রেখে আসি। হঠাৎ মানুষের চিৎকার শুনে খালের পাশে গিয়ে দেখি স্থানীয়দের সহায়তায় রাহুরখাল থেকে তাদের উদ্ধার করা হচ্ছে।

পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা কিভাবে আবার খালের কাছে গেলো আমরা কেউই জানি না। এ বিষয়ে ফতেহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন জানান, ঘটনাটি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

পুলিশ আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।