আজ ,

খাদিমপাড়ায় সরকারি জমি দখলমুক্ত অভিযান, ১জনকে কারাদণ্ড

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫, ০৩:১২ অপরাহ্ণ
খাদিমপাড়ায় সরকারি জমি দখলমুক্ত অভিযান, ১জনকে কারাদণ্ড

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩৪ নম্বর ওয়ার্ডের শাহপরাণ থানাধীন খাদিমপাড়ার চা বাগান এলাকায় সরকারি খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াৎ।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সরকারি জমি জবরদখল এবং ভুয়া দলিলের মাধ্যমে তা বিক্রির অভিযোগে মোজ্জামেল হোসেন লিটন (৩৮) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াৎ জানান, লিটন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে চা বাগানের খাস জমি দখল করে ভুয়া কাগজপত্র দেখিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করছিলেন। পাশাপাশি তিনি বাগানের শ্রমিকদের জোরপূর্বক উচ্ছেদ করে তাদের জমিও দখল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, খাদিমপাড়া এলাকার চা বাগানসহ বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়া দলিলের মাধ্যমে সরকারি জমি বেচাকেনা করছে। জেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তারা আশা করছেন, দখলদারদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের পদক্ষেপ নিলে এলাকার সরকারি জমি সুরক্ষিত থাকবে।