আজ ,

কুমারগাঁও থেকে অজ্ঞান পার্টির ৪ সদস্য আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৪:২৯ অপরাহ্ণ
কুমারগাঁও থেকে অজ্ঞান পার্টির ৪ সদস্য আটক

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকা থেকে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আটক হওয়া অপরাধীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় যাত্রীদের অজ্ঞান করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন নগরীর শাহপরাণ থানার পীরেরবাজার টিকরপাড়ার মৃত হারুনুর রশিদের ছেলে রুকন মিয়া (২৭), শাহী ঈদগাহ এলাকার আনোয়ার হোসেনের ছেলে রায়হান আহমদ জিসান (৩৪), পীরমহল্লার রহমত আলীর ছেলে রবিউল আলম (২৬), খাসদবীর এলাকার মৃত শফিক মিয়ার ছেলে সোহেল আহমদ (৪৮) ও মৃত আনু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫০)।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাত সাড়ে ১২টার দিকে নগরীর জালালাবাদ থানা এলাকার কুমারগাঁওয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, আটক ব্যক্তিরা মূলত যানবাহনের যাত্রীদের টার্গেট করত। বিভিন্ন কৌশলে তারা প্রথমে যাত্রীদের অজ্ঞান করে ফেলত। এরপর ভুক্তভোগীর কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে।