রাজধানীর কলাবাগান এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওই ব্যক্তি চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা শেষে বাসায় পাঠানো হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক শনিবার রাতে প্রথম আলোকে বলেন, শুক্রবার কলাবাগান এলাকার নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার ওই ব্যক্তি ধর্ষণের কথা স্বীকার করেছেন।
ঘটনার বর্ণনা দিয়ে ফজলে আশিক বলেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। ভুক্তভোগী শিশুটি তাঁর প্রতিবেশীর সন্তান। ঘটনার রাতে শিশুটি বাসার সামনে খেলছিল। এ সময় তিনি শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে ওই ব্যক্তি দরজা খুলে দেন। এরপর আশপাশের মানুষ বিষয়টি বুঝতে পারে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় খবর দেয়।