মিশিগানের ওয়ারেন শহরের হলমিজ পার্কে অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাবাসীর বার্ষিক বনভোজন।
প্রবাসে বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং নিজেদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এই মিলনমেলার আয়োজন করা হয়।
সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন মিশিগানের উদ্যোগে আয়োজিত এই বনভোজনে মিশিগানে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে পরিচিত মুখ, আত্মীয়স্বজন ও বন্ধুদের মিলনমেলায় হলমিজ পার্ক প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন সংগঠনের নেতারা।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ লিলু মিয়া ও সেক্রেটারি জাফর ইকবাল মল্লিক জানান, ব্যস্ত কর্মজীবনের মাঝে নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, বনভোজন থেকে প্রাপ্ত সহযোগিতা ও সংগৃহীত অর্থ বাংলাদেশে দুস্থ ও অসহায় মানুষের সেবায় ব্যয় করা হয় বলেও তারা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরিস স্টোন। তিনি এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের মাঝে এমন সম্প্রীতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
দিনব্যাপী এই আয়োজনে নানা ধরনের বিনোদন ও প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেন। সবশেষে র্যাফেল ড্র বিজয়ীদের হাতে আইফোন, গোল্ডের চেইনসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে চলে স্মৃতিচারণ পর্ব। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রতিকূলতা সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আয়োজকদের উৎসাহিত করেছে। বনভোজন বা মিলনমেলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা নিজেদের শেকড়ের সঙ্গে নতুন করে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন।