সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়, যা স্বল্প সময় স্থায়ী হলেও অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহ বিভাগের গফরগাঁও এলাকার কাছাকাছি, যা টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে। এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পটি অনুভূত হওয়ায় বিভিন্ন স্থানে মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।