আজ ,

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে কৃষিজমিতে কাজ করার সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল্লাহ মিয়া (৪৫) ও তার ছোট ভাই আজিদ মিয়া (৪০)।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে আব্দুল্লাহ মিয়া, আজিদ মিয়াসহ চারজন নিজেদের কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় জমিতে আগে থেকে পড়ে থাকা একটি অবৈধ বিদ্যুৎ সংযোগের তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত অপর দুজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।