আজ বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্ধ কল কারখানা চালুতে ঈদের পর কাজ করবে সরকার: সিলেটে আরিফুল হক চৌধুরী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২০, ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ণ
বন্ধ কল কারখানা চালুতে ঈদের পর কাজ করবে সরকার: সিলেটে আরিফুল হক চৌধুরী

শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিগত সময়ে দেশের যেসব কলকারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার।

বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শাহি ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা ঈদের আগেই বেতন-ভাতা পেয়েছেন। শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে। সরকারের সদিচ্ছা এবং জনপ্রতিনিধিদের সক্রিয়তার কারণে এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।

বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, শুধু দেশের শ্রমিক নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণেও সরকার কাজ করছে। মধ্যপ্রাচ্যের অস্থির সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের পাশে রয়েছে।

ঈদযাত্রা নিয়ে মন্ত্রী বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিকদের সমন্বিত সহযোগিতায় এবার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী প্রবাসীদের জিম্মি করে দেশে স্বজনদের কাছে ফোন করে টাকা দাবি করছে। এসব চক্রের শেকড় শনাক্ত করা হয়েছে এবং প্রবাসীদের পরিবারকে সতর্ক করা হচ্ছে।

মন্ত্রী জানান, বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর পাশাপাশি শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে। আগামী মাস থেকে বিদেশগামী শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা চাহিদা অনুযায়ী প্রস্তুত হয়ে বিদেশ যেতে পারেন।

তিনি বলেন, অনেক মানুষ দালালের মাধ্যমে প্রতারণার শিকার হন। এ প্রবণতা বন্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সিলেটের শাহি ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রস্তুতি পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১