আজ ,

পূর্ব লন্ডনে জগন্নাথপুরের গৃহবধূ খুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ
পূর্ব লন্ডনে জগন্নাথপুরের গৃহবধূ খুন

সুমা বেগম (২৪)

পূর্ব লন্ডনে খুন হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের সুমা বেগম (২৪) নামের এক গৃহবধূ।

পরিবারের বরাত দিয়ে সিলেট নগরীতে বসবাসকারী সুমা বেগমের একজন আত্মীয় সিলেটের বার্তাকে বলেন, সুমা বেগম গত ৩০ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর স্থানীয় পুলিশের স্মরণাপন্ন হন লন্ডনে থাকা তার নিকটাত্মীয়রা।

পুলিশ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার নাম ও ছবি প্রকাশ করেছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ ৪৫ বছর বয়সী একজনকে গ্রেফতারের কথা স্বীকার করলেও তার সঙ্গে সুমা বেগমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেনি।

নিহত তরুণীর স্বজনরা জানান, চার বছর আগে উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত ঠাকুর মিয়ার মেয়ে সুমা বেগম এর বিয়ে হয় লন্ডন প্রবাসী তালতো ভাইয়ের সঙ্গে। তাদের দুই সন্তান রয়েছে। স্বামী ও সন্তানদের নিয়ে তিনি পূর্ব লন্ডনের একটি তৃতীয়তলা বাসায় বসবাস করতেন। ৩০ এপ্রিল থেকে তিনি নিখোঁজ হন। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ওই তরুণী হত্যাকান্ডের শিকার হন বলে নিশ্চিত হয়।

পূর্ব লন্ডনের বাসিন্দা বাঙালি কমিউনিটির জনপ্রিয় টেলিভিশন রানার টিভির সাংবাদিক আ স ম মাসুম জানান, জগন্নাথপুরের মেয়ে সুমা বেগম হত্যার ঘটনা পুলিশ নিশ্চিত করলেও তার মরদেহ উদ্ধারের বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

টেমস নদীর আশপাশের স্থানীয় কাউন্সিলের ময়লা ফেলার বিনকে ঘিরে তদন্ত চলছে।

দেশে থাকা তরুণীর ভাই আবু সালেহ বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তাদের কাছ থেকে তথ্য না পেয়ে কিছু বলা যাবে না।