লেখক ও কনটেন্ট ক্রিয়েটর জালাল জয় লিখেছেন, কিনব্রিজ সিলেটের ঐতিহ্য ও পরিচয়ের অন্যতম প্রতীক। কিন্তু নতুন সাইনেজটি স্থাপনের পর পরিকল্পনায় সমন্বয়ের ঘাটতি স্পষ্ট হয়েছে। তাঁর মতে, সাইনেজটি এমনভাবে স্থাপন করা উচিত ছিল, যাতে ছবি তুললে একই সঙ্গে কিনব্রিজ ও সাইনেজ—দুটিই স্পষ্টভাবে দেখা যায়। এতে ঐতিহ্যও ফুটে উঠত, আবার নতুন স্থাপনাটির উদ্দেশ্যও পূরণ হতো।
নগরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পর্যটকদের ছবি তোলার জন্য আকর্ষণীয় স্থান তৈরির উদ্দেশ্যে সাইনেজটি নির্মাণ করা হচ্ছে বলে জানায় সিটি করপোরেশন। এ জন্য কেবল স্থান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। নির্মাণ ব্যয় বহনের পাশাপাশি তত্ত্বাবধান করছে প্রতিষ্ঠানটি। এ জন্য সিটি করপোরেশন কোনো অর্থ নেয়নি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নগরের পরিবেশ, প্রতিবেশ ও নান্দনিকতা অক্ষুণ্ন রেখে উন্নয়নকাজের চেষ্টা করা হচ্ছে। নগরবাসীর রুচি ও প্রত্যাশাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কিনব্রিজের সৌন্দর্য যেন আড়াল না হয়, সেটি নিশ্চিত করা হবে। প্রয়োজনে সাইনেজের স্থানও পরিবর্তন করা হবে।