আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক স্পিকার শিরীন শারমিন কারাগারে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারাগারে

জুলাই আন্দোলনের সময়ের ঘটনায় আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম)।

রাজধানীর লালবাগ থানার এ মামলায় শিরীন শারমিন চৌধুরীর ২ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন। অন্যদিকে, শিরীন শারমিনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী।

তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আবেদন দুইটি মঞ্জুর করেনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে সাবেক এ স্পিকারকে আদালতে আনা হয়। এরপর শুনানির সময় এজলাসে তোলার জন্য তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়েছিল, মামলার ১ নম্বর আসামি শেখ হাসিনা ও ৩ নম্বর আসামি শিরীন শারমিন চৌধুরীসহ অন্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ‘কুশীলব’ ছিলেন। তাদের সিদ্ধান্ত, পরিকল্পনায় পরোক্ষ ও প্রত্যক্ষ নির্দেশে সশস্ত্র মামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে আসামি তার নাম-ঠিকানা এবং মামলার তদন্ত সহায়ক গুরত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন রিমান্ডে নেওয়ার আর্জি জানানো হয় ওই আবেদনে।

এদিকে এই হত্যাচেষ্টা মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলছিল। সেখানে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালোনা হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় গত বছরের ২৫মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অচেনা ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন আশরাফুল।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডি থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০