বিভাগসেরা ফ্রিল্যান্সারের অ্যাওয়ার্ড পেয়েছেন জসিম ও মারজান নামের সিলেটি তরুণ উদ্যোক্তা। সম্প্রতি তারা স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ এ ফ্রিল্যান্সারও উদ্যোক্তা ক্যাটাগরিতে সিলেট বিভাগের মধ্যে সেরা হয়েছেন।
চতুর্থ শিল্প বিপ্লবের এই প্রান্তে এসে অনেক তরুণই নিজের জীবনে সফলতা গড়তে লড়ছেন প্রযুক্তির জগতে। কেউ চাকরির পেছনে না ছুটে তৈরি করছেন কর্মসংস্থানের নতুন সুযোগ। সেই তালিকায় নাম লিখিয়েছেন জসিম উদ্দিন ও আহমেদ আল মারজান।
সম্প্রতি রাজধানী ঢাকার কচিকাঁচা অডিটোরিয়ামে ‘স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে দেশে তথ্যপ্রযুক্তি খাতে সেরা অবদান রাখায় জসিম উদ্দিন ও আহমেদ আল মারজানের হাতে তুলে দেওয়া হয় ‘স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫।’
জসিম উদ্দিন প্লাস পয়েন্ট আইটি ইনস্টিটিউটের সিইও। ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ শুরু করে আজ তিনি নেতৃত্ব দিচ্ছেন ১৫ জনেরও বেশি সদস্যের একটি টিমকে। জকিগঞ্জের হানিগ্রামের এই তরুণ বর্তমানে নগরীর উপশহর এবিসি পয়েন্টে থেকে আইটি সেবা পরিচালনা করছেন।
অন্যদিকে আহমেদ আল মারজান, নেক্সএজ আইটি পার্ক’র প্রতিষ্ঠাতা ও সিইও। ২০২১ সাল থেকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং সেক্টরে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে তিনি এখন সিলেটের শীর্ষ ফ্রিল্যান্সার। টিলাগড়ে তাঁর প্রতিষ্ঠানে কাজ করছেন ১০ জনেরও বেশি দক্ষ আইটি বিশেষজ্ঞ।