আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি থেকে জিনিসপত্র সরাচ্ছেন স্থানীয় কয়েকজন। ছবি: সংগৃহীত
আফগানিস্তানে শুক্রবার রাতে ভূমিকম্পে কাবুলের একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। শনিবার ( ৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, গতকাল শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে ১৮৬ কিলোমিটার (১১৫ মাইল) গভীরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী কাবুলে অনুভূত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান সাংবাদিকদের জানিয়েছেন, কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় ভূমিকম্পের কারণে একই পরিবারের ৮ জন নিহত হয়েছে। তবে ওই পরিবারের দুই বছর বয়সি এক শিশু জীবিত রয়েছে। কিন্তু সে আহত হয়েছে।
সূত্র: বাসস