ঈদের পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।
ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। মাত্র দুদিন আগে ২২ জুন এই দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, যা বাড়ানো হয়েছিল ৪ হাজার ৪৩২ টাকা।
অন্যান্য ক্যারেটের সোনার দামও কমেছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৪৯০ টাকা কমে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার অলংকারের ক্ষেত্রে আগের নিয়ম বহাল রেখেছে বাজুস। রুপার গহনা কিনতে নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। রুপার দামও কমেছে- ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা কমে ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।