সিলেট অঞ্চলে গ্রাম আদালতের কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও যুগোপযোগী করে তুলতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সিলেট শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (ভিসিএমআইএস)’ শীর্ষক এই প্রশিক্ষণের ৯ম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্মসচিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক, স্থানীয় সরকার (চলতি দায়িত্ব) মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। সিলেট জেলার নবাগত স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) মিজ মাহমুদা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ।
স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে সিলেট জেলার গোয়াইনঘাট, কানাইঘাট ও সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত নির্ধারিত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিক উপায়ে তথ্য সংরক্ষণ, হালনাগাদ করা এবং সার্বিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি হাতে-কলমে শিখানো হচ্ছে, যা স্থানীয় পর্যায়ে বিচারসেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।