আজ শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাঠে নামার আগে ইরানের কড়া হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
মাঠে নামার আগে ইরানের কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা এবার মাঠের লড়াইকেও স্পর্শ করল। এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে মাঠের বাইরে ছড়াচ্ছে তুমুল বারুদ। ম্যাচ শুরু হওয়ার আগেই বিশ্বফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে এক নজিরবিহীন ও কড়া হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান।

তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ চলাকালীন গ্যালারিতে যদি ইরানের কোনো অস্বীকৃত বা বিতর্কিত পতাকা প্রদর্শন করা হয় কিংবা দেশবিরোধী কোনো স্লোগান দেওয়া হয়, তবে তারা তৎক্ষণাৎ খেলা বন্ধ করার আবেদন জানাবে। একই সাথে ইরান স্পষ্ট করেছে, এমন কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আর কোনো মতেই সেই ম্যাচে অংশ নেবে না এবং মাঠ বয়কট করবে। ইরানের এমন কঠোর অবস্থানের পর ম্যাচটিকে ঘিরে ফুটবল অঙ্গনে এখন চরম উত্তেজনা ও নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে থেকেই পাল্টাপাল্টি হামলা চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। অবস্থা এতটাই খারাপ যে ইরান থাকছে মেক্সিকোয়, আর ম্যাচ খেলছে আমেরিকায়। খেলে শেষ হলেই ফিরে যাচ্ছে মেক্সিকোতে। এছাড়াও ইরানের অনেক সমর্থক ম্যাচ দেখতে আসার ভিসা পাননি।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামাল বলেছেন, ‘আমরা ফিফাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, কোনো ধরনের অস্বীকৃত পতাকা আনা হলে বা ইরান মাঠে খেলার সময় জাতীয় দলের বিরুদ্ধে স্টেডিয়ামে কোনো স্লোগান দেওয়া হলে, দলের কোচ ম্যাচ বন্ধ করে দেওয়ার অনুরোধ করবেন।’

মিশরের বিরুদ্ধে সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ইরান। সেই ম্যাচকে ‘গর্বের ম্যাচ’ বলে ঘোষণা করেছে তারা। দোনিয়ামালি জানিয়েছে, সেই ম্যাচে কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে তার খেয়াল রাখার আশ্বাস দেওয়া হয়েছে আয়োজকদের তরফে।

দোনিয়ামালির কথায়, ‘আমাদের বলা হয়েছে, কোনো ধরনের খারাপ ঘটনা ঘটতে দেওয়া হবে না মিশর ম্যাচে।’ ইরান প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ১৫ জুন। এর পর বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে তারা।

এদিকে বিশ্বকাপের গ্যালারিতে ইরানের প্রাক-বিপ্লবী পতাকা বহনে নিষেধাজ্ঞা দেওয়াকে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংগঠন অভিযোগ করেছে, এই সিদ্ধান্ত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং সমর্থকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করছে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক সংগঠন ‘ইনস্টিটিউট ফর ভয়েসেস অব লিবার্টি’ বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে মামলাটি দায়ের করে।

বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার আগে ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে বেশ কয়েকটি শর্তও দিয়েছিল। এর মধ্যে ছিল ইরানের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এবং দল যে শহরগুলোতে খেলবে সেখানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের পর এই দাবিগুলো আরও গুরুত্ব পায়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০