আজ সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কারাবন্দি ভাগ্নাকে দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল একই পরিবারের ছয়জনের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১, ২০২২, ০১:৩৩ অপরাহ্ণ
কারাবন্দি ভাগ্নাকে দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল একই পরিবারের ছয়জনের

কারাবন্দি ভাগ্নেকে দেখতে অটোরিকশায় করে কারাগারে যাচ্ছিলেন একই পরিবারের ছয়জন। কিন্তু কারাগারে যাওয়া হলো না তাদের। পথেই পুরো পরিবারকে শেষ করে দিল ঘাতক ট্রাক।

বুধবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাংশা উপজেলার পুইজোর গ্রামের বশির মিয়ার ছেলে অটোরিকশাচালক নাসির মিয়া (৩৫), ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (২৯), কালুখালী উপজেলার কাউয়াখোলা গ্রামের মুকুলের ইসহাক (৭), পুইজোর গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী মসিরণ (৬০), কাওরাখোলা গ্রামের মুকুলের স্ত্রী মর্জিনা (৪০) ও বাস্তখোলা গ্রামের হেলালের স্ত্রী মরিয়ম (৪৫)।

আক্কাস আলী নামের এক ব্যক্তি বলেন, সবাই আমার বোন, ভাগ্নি ও ভাগ্নি বউ। তারা অস্ত্র মামলায় কারাগারে থাকা ভাগ্নে ইসলামকে দেখতে যাচ্ছিলো।

প্রাইভেটকারের যাত্রী সঞ্জু সরকার বলেন, তারা ব্যক্তিগত গাড়িতে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালুখালীর ওই এলাকায় তারা অটোরিকশাটির পেছনে ছিলেন। বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক আসে। অটোরিকশাটি ট্রাকটিকে সাইড দেয়। কিন্তু ট্রাকটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা একদম ভেঙে যায়। এ সময় তাদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু ট্রাকটি ডান দিকে চলে আসায় তাদের ব্যক্তিগত গাড়িটির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়।

দুর্ঘটনায় ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর পথে আরও তিনজন মারা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১