আজ ,

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা ও নির্যাতনের ঘটনায় করা মামলায় তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, আগামী ২২ অক্টোবরের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিদের আদালতে হাজির করতে হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই গুরুত্বপূর্ণ আদেশ দেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন দল এই মামলায় আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছিল। ২০২৪ সালের জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন এবং ওই আন্দোলন দমনে উসকানি ও সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

এই মামলার মোট আটজন আসামির মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আট আসামির মধ্যে বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন ও তানভীর হাসান সৈকত ইতোমধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন। ফলে আদালতের এই গ্রেপ্তারি পরোয়ানাটি মূলত পলাতক বা বাইরে থাকা আসামিদের গ্রেপ্তারের লক্ষে কার্যকর করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলার বিচারিক কার্যক্রম এখন চূড়ান্ত আইনি প্রক্রিয়ার দিকে এগোচ্ছে।