আজ ,

লন্ডনে দুর্বৃত্তের গু/লি/তে বিশ্বনাথের যুবকের মৃ/ত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ
লন্ডনে দুর্বৃত্তের গু/লি/তে বিশ্বনাথের যুবকের মৃ/ত্যু

নিহত মাছুম।

যুক্তরাজ্যে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বিশ্বনাথের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার (স্থানীয় সময়) দিকে ইস্ট লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে।

সন্ত্রাসীদের গুলিতে মাছুম নিহত হয়েছেন বলে আজ মঙ্গলবার দুপুরে গ্রামের মসজিদে ঘোষণা দেওয়া হয়। পরে তার জানাজার নামাজের সময় জানানো হবে বলে ঘোষণায় বলা হয়।

মাছুমের পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে মাছুম যুক্তরাজ্যে বসবাস করতেন। তিনি বেশ কয়েকবার দেশে এসেছিলেন। তার একটি মেয়ে আছে। মাছুমের দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে বসবাস করেন।

নিহতের ছোট ভাই মারুফ আহমদ জানালেন, লন্ডনের স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ পুলিশ এসে বাসার দরজায় নক করে। দরজা খুলে দিলে তারা জানতে চান, এটা মাছুমের বাসা কি না, তিনি উত্তরে হ্যাঁ বললে তারা মাছুমের ছবি দেখতে চান। তিনি পুলিশ সদস্যদের ছবি দেখালে তারা জানালেন, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

মারুফ বলেছেন, ‘কেন আমার ভাইকে হত্যা করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানালেন তিনি।

মাছুমের বাবা আমির আলীর ভাষ্য, আজ সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে আমার ছোট ছেলে মারুফ কল করে বিষয়টি জানায়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পূর্ব লন্ডনের শ্যাডওয়েলে বসবাসরত নিহতের চাচা মোহাম্মদ সুমন জানান, মঙ্গলবার সকালে তিনি মাছুমের মৃত্যুর সংবাদ পান। তবে কীভাবে এবং কোথায় এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত এখনও তার জানা নেই।

সেখানকার মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি- বলছে প্রবাসী পরিবারটি।