কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন স্পটে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাতিকুল ইসলাম।
নিহত যুবক মাইনুল ইসলাম রিফাত (২১) ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। নিহত রিফাত ও তার সঙ্গে থাকা বন্ধুরা সবাই নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহতের বন্ধু সাব্বির রহমান জানান, তারা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। সকাল ১১টার দিকে পর্যটন কেন্দ্রে পৌঁছে তারা সবাই মিলে গোসল করতে পানিতে নামেন। কিছুক্ষণ পর তাদের সাথে থেকে রিফাত নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে নদীর পাশ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি বলেন, ‘সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’