আজ রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শাকসুর তফসিল ঘোষণার আগেই নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থী ৪ শিক্ষকের পদত্যাগ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
শাকসুর তফসিল ঘোষণার আগেই নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থী ৪ শিক্ষকের পদত্যাগ

শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ৪জন নির্বাচন কমিশনার।

রবিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ পদত্যাগপত্র জমা দিয়েছেন ৪ জন নির্বাচন কমিশনার। তাদের স্বাক্ষর করা এ পদত্যাগপত্রটি প্রতিবেদকের হাতে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পদত্যাগপত্র জমা দেয়া একাধিক শিক্ষক। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এ পদত্যাগপত্র জমা দেন বলে জানান তারা।

নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেয়া এ ৪ জন শিক্ষক হলেন গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।

এ বিষয়ে জানতে অধ্যাপক ড. জিএম রবিউল ইসলামকে কল দিলে তিনি কল রিসিভ করে তা কেটে দেন। এরপর তিনি আর ফোন ধরেন নি।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকীকে একাধিকবার কল দিলেও তিনি ধরেন নি।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার বলেন, হ্যাঁ, আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।

এ বিষয়ে অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ বলেন, আমি এ দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। এর কারণ ওখানে (পদত্যাগপত্রে) উল্লেখ করা আছে। কারণটি ব্যক্তিগত-ই কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ ওইটাই।

এর আগে, গত সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশাসনিক ভবন- ১ এর সামনে শাকসু নির্বাচনের লক্ষ্যে উপাচার্যের উপস্থিতিতে ১৩জন নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১