সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ আগস্ট) জেলার তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির দায়িত্বাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় পণ্য এবং অবৈধ বালু-পাথর পরিবহনের একটি নৌকা জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, কম্বল, বিভিন্ন ফল, প্রসাধনী সামগ্রী, পান মসলা, সুপারি এবং গরু। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্তে চোরাচালান ঠেকাতে সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি চালাচ্ছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।