সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব থামছেই না। এই রোগের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। সর্বশেষ পরিস্থিতিতে চলতি বছরের শুরু থেকে হামে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮ জনে।
শুক্রবার (০৭ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট সদর উপজেলার ইয়ামিন (১ বছর ৫ মাস) এবং অপরজন হবিগঞ্জের বাহুবল উপজেলার আনিসা (৮ মাস)। তারা দুজনই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৮ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।