সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনার উদ্যোগ বা অন্য কিছু মেলানোর কারণ নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। কোনো ব্যক্তি কোনো জায়গায় ‘অপরিহার্য নন’ বলেও উল্লেখ করেন তিনি।
রোববার সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। এ উপসচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কেন তাকে ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছে প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু বলা হয়নি।
তবে তার এ বদলির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
সারওয়ার আলমের এ বদলির বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সন্ধ্যায় বলেন, ‘বদলি নিয়ে আলোচনা-সমালোচনার কোনো কারণ নেই। সরকারি কর্মকর্তাদের বদলি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। একজন কর্মকর্তা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, আবার অন্য কর্মকর্তা এসে দায়িত্ব পালন করবেন- এটাই সরকারের স্বাভাবিক কার্যক্রম।’