আজ ,

মুক্তিযুদ্ধ নিয়ে তর্কাতর্কি: পাকিস্তানির হাতে বাংলাদেশি খুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৮, ২০২০, ০৪:৫১ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধ নিয়ে তর্কাতর্কি: পাকিস্তানির হাতে বাংলাদেশি খুন

নিহত মো. রফিকুর ইসলাম রফিক

প্রবাস বার্তা:: মুক্তিযুদ্ধ নিয়ে তর্কাতর্কির জের ধরে পাকিস্তানির হাতে নির্মমভাবে খুন হয়েছেন দু্বাইয়ে কর্মরত এক বাংলাদেশি।

নিহত মো. রফিকুর ইসলাম রফিক (৫৬) নামে এই বাংলাদেশির খুন হওয়ার খবর শুক্রবার (২৭ মার্চ) দুবাই থেকে এক যুবক রফিকুলের বাড়িতে বিষয়টি টেলিফোনে জানান।

শনিবার (২৮ মার্চ) রফিকুল ইসলামের স্ত্রী জহুরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ নম্বর আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামে। পিতার নাম মো. সিদ্দিকুর রহমান।

রফিকুল ইসলামের খালাতো ভাই ও আনাইতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সেকান্দার আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে দুবাইতে একটি কোম্পানিতে ভালো বেতনে চাকরি করতেন। মাঝে মধ্যে দেশে আসতেন পরিবারের দেখাশোনার জন্য। তার একপুত্র জহিরুল ইসলাম সৌদি আরবে কর্মরত।

গত কয়েক দিন আগে ঐ কোম্পানিতে পাকিস্তানি বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ নিয়ে রফিকুল ইসলামের তর্কাতর্কি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানি শ্রমিকরা রফিকুলকে দেখে নেয়ার হুমকি দেয় বলে টেলিফোনে জানিয়েছিল।

তিনি আরও জানান, ঘটনার তিন চারদিন পর রফিকুল কোম্পানিতে কাজ করতে গেলে পাকিস্তানি ঐ শ্রমিকরা প্রতিশোধ হিসেবে রফিকুলকে নির্মম ভাবে খুন করে লাশ ঝুলিয়ে রাখে। ঘটনা জানাজানি হলে দুবাইতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

শুক্রবার (২৭ মার্চ) দুবাই থেকে নাগরপুর উপজেলার মুকনা ইউনিয়নের কেদারপুর গ্রামের এক যুবক রফিকুলের বাড়িতে খুনের বিষয়টি টেলিফোনে জানায়। খবর শুনেই জ্ঞান হারিয়ে ফেলেন রফিকুলের বৃদ্ধা মা সুফিয়া বেগম ও স্ত্রী জহুরা বেগম।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, লাশ আনার ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ ও দুবাই দুতাবাস। এ ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে রফিকুল ইসলামের পরিবারের সকল ধরনের সাহায্য সহযোগিতা করা হবে বলে এই দ্ইু কর্মকর্তা জানিয়েছেন।

এ ব্যাপারে ৬ নম্বর আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুবাইতে পাকিস্তানীদের হাতে খুন হওয়া রফিকুলের লাশ দেশে আনার জন্য তার পরিবারকে সকল ধরনের সহযোগিতা করা হবে।