প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রােববার দুপুরে মন্ত্রীর কার্যালয়ে এই প্রতিনিধিদলটি সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে মন্ত্রী দুবাই থেকে আগত প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতেও কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে। এই পুরো প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন মন্ত্রী।
মন্ত্রী দুবাই গমনের পর প্রশিক্ষণকালীন সময়ে তাদেরকে বেতন -ভাতা দেওয়ার ব্যবস্থা করতে প্রতিষ্ঠানটিকে অনুরোধ করেন। একই সাথে তিনি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সদের মতো ‘হোয়াইট কলার’ বা পেশাজীবী কর্মী নিয়োগের জন্য প্রতিনিধি দলকে আহ্বান জানান।
সাক্ষাৎকারে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার জনই বাংলাদেশি।
বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি নারীরাও সফলতার সাথে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন বলে তারা উল্লেখ করেন। প্রতিনিধি দলটি আরও জানায়, আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য বাংলাদেশি ড্রাইভারদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে এবং এই দফায় নতুন করে আরও দেড় হাজার ড্রাইভারসহ এবছর ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে তারা আগ্রহী।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, বাংলাদেশ থেকে একজন ড্রাইভারের দুবাই যেতে বর্তমানে অনেক টাকা খরচ হয়। এই কর্মীরা অত্যন্ত দরিদ্র ও খেটে খাওয়া মানুষ, যারা অনেক কষ্ট করে বা ঋণ নিয়ে এই অর্থ সংস্থান করেন। তাই তাদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে এই অভিবাসন খরচ কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানি এবং আল আনাস ওভারসিজের ঊর্ধ্বতন প্রতিনিধি দলসহ মন্ত্রণালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।