আজ শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব

জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৮) সেশন সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে ইসমাইল হোসেনকে সভাপতি এবং মোঃ রেজওয়ান করিম ছাব্বিরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা সদরে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় (সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমি সেন্টার)-এ এক সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোয়েব আহমদ এবং আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এম রুহেল আহমদ, সাইফুল ইসলাম বাবু ও মুরাদ হাসান।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হোসেন মো. হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য গোলাম সরওয়ার বেলাল ও মো. নাজমুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, বর্তমান বিশ্ব সম্পূর্ণভাবে তথ্যপ্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে, যেখানে অনলাইন সাংবাদিকতা গণমাধ্যমের সবচেয়ে দ্রুত ও কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “একটি সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন যেমন আনা সম্ভব, তেমনি ভুল তথ্যের কারণে বড় ধরনের বিভ্রান্তিও সৃষ্টি হতে পারে। তাই প্রতিটি সংবাদকর্মীকে অত্যন্ত সতর্কতা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, অনলাইন প্ল্যাটফর্মের সহজলভ্যতার কারণে এখন অনেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হচ্ছেন, তবে প্রকৃত সাংবাদিকতা করতে হলে প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং নৈতিকতার বিকল্প নেই। তিনি জোর দিয়ে বলেন, গুজব, অপপ্রচার ও ভুয়া সংবাদ প্রতিরোধে সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা যাবে না।

তিনি নবগঠিত কমিটির উদ্দেশ্যে বলেন, “আপনাদের ওপর এখন বড় দায়িত্ব এসেছে। জৈন্তাপুরের মানুষের আস্থা অর্জন করতে হলে সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা করতে হবে। আশা করি আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই সংগঠনকে একটি আদর্শ প্রেসক্লাব হিসেবে গড়ে তুলবেন।”

প্রধান আলোচক এম সাইফুর রহমান তালুকদার বলেন, অনলাইন সাংবাদিকতা এখন দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, “ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের গতি যেমন বেড়েছে, তেমনি দায়িত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একটি ক্লিকের মাধ্যমেই একটি সংবাদ লাখো মানুষের কাছে পৌঁছে যায়—সেই কারণে প্রতিটি তথ্য প্রকাশের আগে তা যাচাই করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের শুধু সংবাদ প্রকাশ করলেই হবে না, বরং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। উন্নয়নমূলক কার্যক্রম, জনগণের সমস্যা, সম্ভাবনা এবং বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে একটি শক্তিশালী জনমত তৈরি করা সম্ভব।

তিনি নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করবেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ দেবেন এবং একটি পেশাদার ও নীতিনিষ্ঠ প্ল্যাটফর্ম গড়ে তুলবেন। তাহলেই এই সংগঠন দীর্ঘমেয়াদে সফলতা অর্জন করতে পারবে।”

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হোসেন মো. হানিফ তার বক্তব্যে বলেন, “একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ফলেই আজকের এই সুন্দর পরিবেশে নতুন কমিটি গঠন সম্ভব হয়েছে।” সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি।

সভা শেষে নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করা হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০