বগুড়া শহরের সাতমাথা এলাকায় নির্মাণাধীন ড্রেনের মাটি খননের সময় ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের কাজ চলাকালে এসব গুলি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা ড্রেন নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। একপর্যায়ে ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশে মাটির নিচে ধাতব সদৃশ বস্তু দেখতে পান এক শ্রমিক। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিগুলো উদ্ধার করে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, মাটির ভেতর থেকে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এগুলো মহান মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বগুড়া সদর থানা থেকে লুট হওয়া গুলি—তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তবে এ বিষয়ে বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী সময়ে জানানো হবে বলে জানান ওই কর্মকর্তা।