জুলাই আন্দোলন ‘অবমাননার’ অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে শুক্রবার অভিযোগটি করা হয় বলে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন।
তিনি বলেন, “এ বিষয়ে এটি জিডি হয়েছে। যেহেতু সাইবার সংক্রান্ত অভিযোগ, তাই সেটি ডিবির সাইবার বিভাগে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। তারাই বিষয়টি খতিয়ে দেখবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ বলছে, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী ও কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দেন।
সেখানে জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্টের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।