সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেপরোয়া বাসের ধাক্কায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্টসংলগ্ন সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, উজ্জ্বল হোসেন মোটরসাইকেলযোগে জগন্নাথপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দূরপাল্লার বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে বাসটির নাম বা পরিচয় জানা যায়নি।
নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। প্রায় দুই-তিন বছর ধরে তিনি আনসার বাহিনীতে চাকরি করছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সিচনী এলাকায় দুর্ঘটনার শিকার হন উজ্জ্বল। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উজ্জ্বল হোসেন জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন তিনি।
নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা পাঁচ ভাই ও চার বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল তৃতীয়। ছুটি কাটাতে বাড়িতে আসা উজ্জ্বল আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় মারা যান।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, সকাল ৮টার দিকে ডাবর পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিকটাত্মীয়রা ঘটনাস্থলে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।