আজ ,

ডিসি সারোয়ার ইস্যুতে যা বললেন মন্ত্রী আরিফ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২৬, ০৮:০৩ অপরাহ্ণ
ডিসি সারোয়ার ইস্যুতে যা বললেন মন্ত্রী আরিফ

সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রশংসা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘তিনি (সারওয়ার আলম) আমাদের চোখ খুলে দিয়েছেন।’ একইসঙ্গে হযরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।

বুধবার (তারিখ অনুযায়ী) বিকেলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চার দিনের সফরে সিলেটে আসার পর বিমানবন্দরে সাম্প্রতিক মাজার ইস্যু ও জেলা প্রশাসকের প্রত্যাহার নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি সরকারের অবস্থান পরিষ্কার করেন।

মন্ত্রী বলেন, মাজারে দানের টাকা প্রকাশ্যে গণনার মতো স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। জনগনের প্রত্যাশা পূরণে আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। মাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গেও তার আলোচনা হয়েছে এবং তারা উভয়েই মাজারের অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর বিষয়ে একমত পোষণ করেছেন। খুব দ্রুতই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হবে বলে তিনি আশ্বস্ত করেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের আকস্মিক বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বদলি একটি রুটিন প্রক্রিয়া। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়। ঘটনাক্রমে এটি মাজার ইস্যুর সঙ্গে একই সময়ে ঘটেছে, তবে এটি আগে-পরেও হতে পারত।

সম্প্রতি কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ প্রবাসী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের আর্থিক ও সামাজিক সহযোগিতা প্রদান করা হবে।’

এছাড়া ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের জন্য আধুনিক বিশ্রামাগার, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে হযরত শাহজালাল (রহ.) মাজারের দীর্ঘদিনের প্রচলিত তিনটি দানের ‘ডেক’ সিলগালা করে সরকারি দানবাক্স বসানো হয়। মাজার সংশ্লিষ্টরা এই পদক্ষেপের বিরোধিতা করলেও জনমনে এটি ব্যাপক প্রশংসা পায়। এর মধ্যেই রোববার ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হলে সিলেটে ক্ষোভের সৃষ্টি হয়।