বিস্কুট কিনতে গিয়ে দুই দিন ধরে নিখোঁজ চার বছরের শিশু ফাহিমা আক্তারের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের রাইসুল হকের মেয়ে।
শিশুটির পরিবারের লোকজন জানান, বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে শিশু ফাহিমা স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায়।
এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
দুদিন পর শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ফাহিমার বাবা রাইসুল হক বলেন, গত বুধবার বেলা ১১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তবে মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।