গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগ এনে খালেদ আহমদ নামের এক যুবকের দু’টি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
উপজেলার তোয়াকুল ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, রোববার (২৮ জুন) বিকেলে তোয়াকুল বাজারে মাছ তরকারি কিনতে করতে আসেন লাকী গ্রামের সোনাই মিয়ার ছেলে খালেদ আহমদ (২০)।
এসময় একই গ্রামের আহমদ আলীর ছেলে মোস্তাক আহমদ, তোতা মিয়ার ছেলে পছাই মিয়া, ময়না মিয়ার ছেলে সেলিম আহমদ, নেছার আলীর ছেলে ফখরুল ইসলাম, আব্দুল জব্বারের ছেলে ইলিয়াস মিয়া, ইউসুফ আলীর ছেলে তোতা মিয়া এবং ইবই মিয়ার ছেলে সিরাজ উদ্দিন সংঘবদ্ধ হয়ে খালেদ আহমদকে অপহরণ করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, সংঘবদ্ধ ওই দুর্বৃত্তরা মিলে খালেদ আহমদকে শাহপুর গ্রামের মোস্তাক আহমদের বাড়িতে নিয়ে যায়।
শারীরিক নির্যাতন করে এক পর্যায়ে খালেদের দুটি চোখ তায়া উপড়ে ফেলে।
খালেদের অবস্থা আশংকাজনক হয়ে পড়লে রাত সাড়ে ১১টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে রেখে পালিয়ে আসেন তারা।
এ ব্যাপরে তোয়াকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য লোকমান আহমদ বলেন, খালেদ আহমদকে রবিবার বিকাল ৫ টার দিকে তোয়াকুল বাজার থেকে শাহপুর গ্রামের মোস্তাকের নেতৃত্বে অপহরণের খবর পাওয়া মাত্র তাকে ফোন দিয়ে খালেদকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে অনুরোধ করলেও তারা কথা শোনেনি।
এ ব্যাপারে তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান বলেন, খালেদ আহমদকে রোববার বিকাল ৫টার দিকে তোয়াকুল বাজার থেকে শাহপুর গ্রামের কয়েকজন দূর্বৃত্ত অপহরণ করছেন বলে খবর পাই।
এসময় তাৎক্ষণিকভাবে স্থানীয় মেম্বার লোকমান আহমদকে ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধার করতে বলি। কিন্তু দূর্বৃত্তরা ইউপি সদস্যের কথা শোনেনি।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাঈমুল ইসলামকে ঘটনাস্থলে পাঠাই।
এ ঘটনায় এখনো পর্যন্ত গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, শনিবার (২৭ জুন) দিবাগত রাতে তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের মোস্তাকের বাড়ির পুকুর থেকে একটি নৌকা চুরি হয়।