সিলেট বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৩৪ জন রোগী।
বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া শিশুটির বয়স ১ বছর ১ মাস। সিলেটের টুকেরবাজার এলাকার এই শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৫১ জন করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।
নতুন রোগী যুক্ত হওয়ায় বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে মোট ৪৪৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (১৭৯ জন) এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (১৪৬ জন)।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৩১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত ছিলেন।
সন্দেহজনক ও নিশ্চিত হামের উপসর্গ মিলিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে সিলেটে ৬২ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন মারা গেছেন।