সিলেটে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪ জনে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩০ জন ডেঙ্গুরোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৩৯ জন, সুনামগঞ্জে ৭৬, সিলেটে ৭১ এবং মৌলভীবাজারে ৩৬ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ১২ জন। এসব তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়।
বর্তমানে চিকিৎসাধিন ৩০ ডেঙ্গুরোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নয়, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে তিন, হবিগঞ্জ সদর হাসপাতালে সাত, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, সুনামগঞ্জ সদর হাসপাতালে চার, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও মৌলভীবাজার সদর হাসপাতালে দুইজন রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগম ডেঙ্গুতে মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) মারা যান।