আজ ,

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী

বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম এম সাইফুর রহমানের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। পরে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে শাহাদতবরণ করেন।