Soccer Football - FIFA World Cup 2026 - Group D - Turkey v Paraguay - San Francisco Bay Area Stadium, Santa Clara, California, U.S. - June 19, 2026 Referee Ivan Barton shows a red card to Paraguay's Miguel Almiron REUTERS/Carlos Barria
অন্যরকম এক ইতিহাসের অংশ হয়ে গেলেন মিগেল আলমিরন। তবে সেই রেকর্ড হয়তো কোনোভাবেই করতে চাননি প্যারাগুয়ের নাম্বার টেন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন তিনি।
স্যান ফ্র্যান্সিসকো বে স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে তুরস্কের বিপক্ষে ম্যাচে এই রেকর্ডের মালিক হন আলমিরন। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ডটি দেখেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে মুখ ঢেকে বর্ণবাদী মন্তব্য করেন বেনফিকার জানলুকা প্রেস্তিয়ান্নি। সেই ঘটনা গড়ায় বহুদূর। বড়সড় শাস্তিই পান প্রেস্তিয়ান্নি।
পরে ফিফা নিয়ম করে দেয়, ম্যাচ চলাকালে প্রতিপক্ষ খেলোয়াড়ের উদ্দেশ্যে মুখ ঢেকে যে কোনো কথা বললেই দেখানো হবে লাল কার্ড। সেই নিয়মেই এবার ধরা পড়লেন আলমিরন।
ম্যাচের প্রথমার্ধে ৪৫ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ে তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরকে লক্ষ্য করে মুখ ঢেকে কিছু একটা বলেন আলমিরন। সঙ্গে সঙ্গে রেফারির কাছে আবেদন করেন মুলদুর।
পরে ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচে এর আগে মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়েন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। সেই গোলের লিড ধরে বিরতিতে যাওয়ার আগেই আলমিরনের লাল কার্ডে দশজনের দলের পরিণত হয় প্যারাগুয়ে।