আজ শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মুশফিকের চোখে জয়ের স্বপ্ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৫, ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ
মুশফিকের চোখে জয়ের স্বপ্ন

এই রোদ এই বৃষ্টি, সিলেটের আবহাওয়ার লুকোচুরি খেলা উদয়াচল থেকে। মুশফিকুর রহিমরা বৃষ্টির ফাঁকে ফাঁকে যেটুকু পারা যায় অনুশীলন করেছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে তিনটি নেটে হলো ব্যাটিং সেশন। যার একটিতে ছিলেন টেস্টের নবাগত তানজিদ হাসান তামিম। সিলেট টেস্টে তাঁর অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ চোট নিয়ে দল থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম।

বাঁহাতি এ ব্যাটারের জায়গায় যাকে দলে নেওয়া হয়েছে সেই জাকের হাসানকেও একাগ্র দেখা গেছে নেটে। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্তাবধানে তানজিদ ও জাকের লাল বলে সাবলীর হওয়ার চেষ্টা করছিলেন। মাহমুদুল হাসান জয়ের আঙ্গুলে টেপিং থাকায় বিকল্প প্রস্তুত রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। যদিও টেপিং করা মানেই খেলা থেকে ছিটকে যাওয়া নয়। বড় কোনো অসুবিধা না হলে জয়ের সঙ্গে তানজিদকে দেখা যেতে পারে ওপেনিং জুটিতে।

পেস বোলিংয়েও একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। বিশ্রাম নীতি অনুসরণ করা হলে তাসকিন আহমদের জায়গায় শরিফুল ইসলাম, আর ঢাকা টেস্টের পারফরম্যান্স ধরা হলে এবাদত হোসেনের ঠিকানা রিজার্ভ বেঞ্চে। একাদশে পরিবর্তন শুধু চোটের কারণে নয়, কখনও কখনও প্রভাবক হিসেবে কাজ করে আবহাওয়া। স্বাভাবিক ভাবে সিলেট টেস্টে আবহাওয়াকে গুরুত্ব দিতে হচ্ছে। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট ম্যাচটি নিরবচ্ছিন্নভাবে খেলা হওয়া সম্ভব নয়। শুক্রবার তার ট্রেলারও দেখা হয়ে গেছে। সেখানে ১৬ থেকে ২০ টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিলেটে। ম্যাচের প্রথম দুই দিন (১৬ ও ১৭ মে) বজ্রসহ ভারি বৃষ্টির বার্তা। এই বাস্তবতায়ও সিলেট টেস্টের ফল নিজেদের পক্ষে আনার কথা ভাবছেন মুশফিক।

শুক্রবার সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যে সময় টেস্ট সিরিজ খেলা হচ্ছে আমাদের এখানে এই সময়কে বর্ষা মৌসুমই ধরে। সৌভাগ্যক্রমে মিরপুরে বৃষ্টি হওয়ার পরও ফল হয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা ইতিবাচক দিক। মিরপুরের মতো এখানেও (সিলেট) পানি নিষ্কাশন (ড্রেনেজ সিস্টেম) ব্যবস্থা বিশ্ব মানের। আমরা সম্প্রতি বিসিএলে যে চারদিনের ম্যাচটি খেলেছি রাতভর বৃষ্টি হওয়ার পরও সকাল ৯:৩০টা থেকে প্রতিটা দিন খেলা শুরু হয়েছে।’

টাইগার অভিজ্ঞ এ ব্যাটারের মতে, ‘আমার মনে হয় বৃষ্টির কারণে এখানে ‘অন এন্ড অফ’ খেলা হবে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় আশা করি আবহাওয়া একটু ভালো থাকলে এখান থেকেও ফল নেওয়া সম্ভব। আমাদের চেষ্টা থাকবে যতটুকু খেলা হবে সেখানে ইতিবাচক একটা প্রভাব যেন ফেলতে পারি।’

সকালে আবহাওয়া কিছুটা ভালো থাকায় নাজমুল হোসেন শান্তরা মাঠে কিছুটা অনুশীলন করতে পারলেও ইনডোরে প্রস্তুতি নিতে হয়েছে পাকিস্তানকে। অনুশীলন শেষে পাকিস্তানি ক্রিকেটাররা দল বেধে দেখেছেন উইকেট। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না পারা বাবর আজম অনেকটা সময় উইকেটের পাশে ছিলেন। সিলেট টেস্টে খেলবেন তিনি। কাউন্টি ক্রিকেটে খেলা মোহাম্মদ আব্বাস রানআপ পর্যন্ত মেপে নিয়েছেন। ঝিড়ি ঝিড়ি বৃষ্টি ও মেঘলা হাওয়ায় বোলিংটা ভালো করেন তিনি। সিরিজি নির্ধারণী টেস্টে পাকিস্তানের জন্য এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন পেসার আব্বাস। সিলেট হয়তো লন্ডন মনে হচ্ছে তার কাছে।

তবে স্বাগতিক দলের প্রতিনিধি মুশফিক প্রতিপক্ষকে অতটা গুরুত্ব দিচ্ছেন না। বরং পাকিস্তান দলকে একটু খোঁচা দিয়ে বলেছেন, ‘টি২০, ওয়ানডে টেস্ট সবখানেই পাকিস্তান সংগ্রাম করছে। এমন না যে তারা খারাপ খেলছে দেখে আমরা জিতছি। আমরা তাদের বিপক্ষে ধারাবাহিক ভালো খেলে জিতেছি। এই ম্যাচেও ব্যতিক্রম থাকবে না। যতটুকু খেলা হবে অবশ্যই চেষ্টা থাকবে ভালো খেলে ফল নিজেদের পক্ষে আনার। কাজটি কঠিন হলেও কঠিন না।’

চোট কাটিয়ে বাবর আজমের ফেরা নিয়ে মুশফিক বলেন, ‘স্বাভাবিক ভাবেই তার মতো বিশ্বমানের একজন ক্রিকেটার থাকলে দল উজ্জীবিত হবে। তবে আমরা পাকিস্তানে গিয়ে যখন দুইটি টেস্ট ম্যাচে পাকিস্তানে হারিয়েছিলাম ওই সিরিজে সেও (বাবর) ছিলেন। সে দুইটি টেস্ট খেলেছে তারপরও তারা হেরে গিয়েছিল আমাদের সঙ্গে। আমরা জানি কোথায় তাকে আক্রমণ করতে হবে।’

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১