ভর্তির জন্য স্কুল-কলেজ সহজে খোঁজার জন্য ‘স্কুলঘর’ নামে একটি অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সিলেটের মাদরাসাছাত্র নাজমুল আলম মিরাজ (১৮)। তিনি সিলেট মহানগরের টিলাগড়ে অবস্থিত ‘আলহাজ অছিয়ত আলী-করিমন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসা’র ছাত্র। আগামী দাখিল পরীক্ষার্থী তিনি। মিরাজ কোরআনে হাফেজও।
মিরাজের বাবা মো. নজিবুর রহমান একজন ব্যবসায়ী। মা শেখ আফছানা বুলবুল গৃহিণী। বড় বোন বর্তমানে ইংল্যান্ডের নিউ ক্যাসেলের নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।
‘স্কুলঘর’ বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যসংক্রান্ত অ্যাপ। যেখানে ঘরে বসে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য, যেমন ভর্তি, মাসিক ফি, সেশন ফি, প্রতিষ্ঠানের অবস্থান, বৈশিষ্ট্য ইত্যাদি জানা যাবে এক ক্লিকে। নাম অথবা ঠিকানা দিয়ে খুঁজে বের করা যাবে যেকোনো প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য। যেকোনো সময় অভিভাবকদের ক্ষেত্রে অ্যাপটি কার্যকর হবে বলে মনে করেন মিরাজ।
অ্যাপ নিয়ে মিরাজ বলেন, ‘অনেক অভিভাবকই চান তাঁদের সন্তানকে মানসম্পন্ন স্কুল-কলেজে পড়াবেন। কিন্তু সময় ও সুযোগের অভাবে খুঁজে বের করতে পারেন না ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান। আমি মনে করি, এই সমস্যা সমাধানে খুবই সহায়ক হবে আমার অ্যাপটি। অ্যাপটি নিয়ে ইতিমধ্যে অনেক অভিভাবকের সঙ্গে কথা বলেছি।
সবাই প্রশংসা করেছেন। এমন একটি অ্যাপ বাংলাদেশে প্রয়োজন ছিল বলে মতামত প্রকাশ করেছেন। বর্তমানে অ্যাপটি প্লে-স্টোরে প্রকাশিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। বর্তমানে ঢাকা অঞ্চলের গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও কার্যক্রম শুরু করা হবে।’
মিরাজ আরও বলেন- ধর্মীয় রীতিনীতি ও পড়ালেখায় তাঁর যেমন আগ্রহ, তেমনি বিজ্ঞান শিক্ষার প্রতিও ঝোঁক রয়েছে। ১০ বছর বয়সে তিনি ওয়ার্ডপ্রেসের কাজ রপ্ত করেন। ‘স্কুলঘর’ অ্যাপটি তৈরির জন্য তিনি অনলাইনে কোর্স করেন। তাঁর উদ্ভাবিত এই অ্যাপের মাধ্যমে খুঁজে বের করা যাবে যেকোনো স্কুল বা কলেজের সব তথ্য।