আজ ,

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ
জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন

গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আরেকটি বিপ্লব ঘটবে এবং বর্তমান সরকারের পতনে একদফা আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ প্রধান তার বক্তব্যে সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, “আগামী দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশের আগে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান বা বিপ্লব অনিবার্য। দাবি আদায় না হলে বর্তমান সরকারের বিরুদ্ধে একদফা পতন আন্দোলন শুরু হবে। উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি বা অন্য কোনো দল ‘গাদ্দারি’ করলে তারাও ক্ষমতায় টিকতে পারবে না।”

সংবিধান ও বিচার প্রক্রিয়া প্রসঙ্গে জাগপা মুখপাত্র বলেন, “বর্তমান সরকার সংবিধান পুরোপুরি সংস্কার না করে কেবল সংশোধন করতে চাইছে, যা বিপ্লবী জনতা মেনে নেবে না। জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষায় বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।” তিনি আরও যোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সব স্টেকহোল্ডার ঐক্যবদ্ধ রয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যার অপরাধীদের জনতার আদালতে বিচার করা হবে।

দিল্লির আধিপত্যবাদ ও ভারতীয় আগ্রাসনের তীব্র বিরোধিতা করে রাশেদ প্রধান বলেন, ভারত থেকে পুশ-ইনের চেষ্টা রুখে দেওয়ায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বীর জনতার প্রতি আমরা কৃতজ্ঞ। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া এবং বিতর্কিত টিপাইমুখ বাঁধের প্রসঙ্গ টেনে তিনি দিল্লির উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশে কোনো আধিপত্যবাদ বরদাশত করা হবে না। একই সাথে তিনি ভারতের চলমান জেন-জি (Gen-Z) আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। এছাড়া নতুন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পার হলেও সিলেট অঞ্চল এখনো চরম অবহেলিত রয়ে গেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদ কিংবা পুরাতন ফ্যাসিবাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। সমাবেশে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ১১ দলীয় ঐক্যের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।