করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় ভাই আবুল মাল আব্দুল মুহিত।
গত কয়েকদিন যাবত তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় গত রোববার (২৫ জুলাই) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করলে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
একই সঙ্গে তাঁর বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
আবুল মাল আবদুল মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকার বনানীস্থ নিজ বাসায় রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো রয়েছে।
আবুল মাল আবদুল মুহিতের ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সিলেটসহ দেশ-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন।