আজ রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত জুন ২০, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ সুইডেনের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে নেদারল্যান্ডস। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই দুই গোল করে শক্ত অবস্থানে চলে গেছে ডাচরা।

ব্রায়ান ব্রবির জোড়া গোলে এখন ২–০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইউরোপের এই পরাশক্তি।
শনিবার (২০ জুন) হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস।

এর ফলও পেয়ে যায় খুব দ্রুত।
ম্যাচের মাত্র ৫ মিনিটে কোডি গাকপোর দারুণ এক পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রবি।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে সুইডেন, তবে ডাচদের সংগঠিত আক্রমণের সামনে বারবার চাপে পড়ে তারা।
১৭ মিনিটে আবারও জ্বলে ওঠেন ব্রবি।

ডান প্রান্ত দিয়ে উঠে আসা ডেনজেল ডামফ্রিসের নিখুঁত পাসে পা ছুঁইয়ে বল জালে পাঠান সান্ডারল্যান্ডের এই ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে এটি তার তৃতীয় গোল। আর তার জোড়া গোলেই ম্যাচের শুরুতেই ২–০ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস।
ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২–২ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে তিউনিসিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করেছিল সুইডেন। ফলে দ্বিতীয় রাউন্ডের পথে বড় সুবিধা পেতে এই ম্যাচে জয় চাই দুই দলেরই।

ইতিহাসও ডাচদের পক্ষেই কথা বলে। ২০১০ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর বিশ্বকাপে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে নিজেদের শেষ ১৩ ম্যাচে হারেনি নেদারল্যান্ডস।

অন্যদিকে ১৯৫৮ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে সুইডেন।

তবে ম্যাচের প্রথম ১৭ মিনিটে সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে ব্রায়ান ব্রবি ও নেদারল্যান্ডস। এখন ঘুরে দাঁড়াতে হলে দ্রুতই গোলের দেখা পেতে হবে সুইডেনকে। অন্যদিকে ডাচদের লক্ষ্য থাকবে এই লিড ধরে রেখে নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে যাওয়া।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০