সিলেটে স্বাস্থ্যসেবার মান বাড়াতে তিনটি বড় প্রকল্প চালুর কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, শিগগিরই একটি বিশেষায়িত শিশু হাসপাতাল ও ৪৫০ শয্যার অসম্পূর্ণ ক্যান্সার ইনস্টিটিউট চালু করা হবে। এ ছাড়া আগে ঘোষিত ২৫০ শয্যার হাসপাতাল চালুর প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ক্যান্সার ইনস্টিটিউটের বাকি কাজ দ্রুত শেষ করে চালুর জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বিভিন্ন উদ্যোগের পাশাপাশি এসব স্বাস্থ্য প্রকল্প চালু হলে পুরো অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।