আজ সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাড়া বাঁচাতে রড বোঝাই ট্রাকে যাত্রাই কাল হলো তাদের জন্য

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৫, ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
ভাড়া বাঁচাতে রড বোঝাই ট্রাকে যাত্রাই কাল হলো তাদের জন্য

টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে হতাহত ১৫ জনের সবাই চুল ও ভাঙারি মোবাইল ফোনের ব্যবসায়ী| তারা নোয়াখালী জেলার চৌমহনী এলাকায় চুল ও ভাঙারি মোবাইল ফোন ফেরি করে কিনতেন।

ঈদ উপলক্ষে তারা ফেনী জেলার মহিপাল থানা এলাকা থেকে রড ভর্তি ট্রাকে উঠে বাড়ি যাচ্ছিলেন|

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় ট্রাকটি উল্টে গেলে ১৫ জন নিহত হন ও নয়জন আহত হন|

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে| তারা হচ্ছেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাড়ী গ্রামের সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), নিয়ামতপুর উপজেলার মালঞ্চী গ্রামের সাইদুলের ছেলে সারিকুল (২০), রাজশাহী জেলার তানোর উপজেলার বাতানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের মামুন (৪৫)|

আহত শেখ রতন জানান, তারা সবাই ফেনী শহরের বিভিন্ন এলাকায় বসবাস করেন| সেখানে অকেজো মোবাইল ফোন এবং বিভিন্ন পার্লার থেকে চুল কিনে, পরে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেন| ঈদ উপলক্ষে তারা একসঙ্গে বাড়ি যাচ্ছিলেন| বাসের ভাড়া বেশি।

তাই ভাড়া বাঁচাতে জনপ্রতি ৫৫০ টাকায় রড বোঝাই ট্রাকে উঠে বাড়ি যাচ্ছিলেন| ভোড়ে হঠাৎ করেই ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে তিনিসহ কয়েকজন ছিটকে অনেক দূরে পড়ে যান। আর অন্যরা রডের নিচে চাপা পড়েন| পরে স্থানীয় লোকজন এসে তাকেসহ আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়| এতে ট্রাকে থাকা যাত্রীদের মধ্যে ১৫ জন রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন| এসময় ছিটকে পড়ে আহত হন কয়েকজন।

আহতরা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার ডেমরা গ্রামের মজিবরের ছেলে বাবু (৩৫), শহিদুলের ছেলে সমেজ (২১), হোসেনপুর গ্রামের আব্দুল রহিমের ছেলে আব্দুল রহমান (৩৫), দশপাড়া গ্রামের নজরুলের ছেলে তুহিন (২৪), পাকুরিয়া গ্রামের সফেদ আলীর ছেলে আলমগীর (৪০), ছোরহাব আলীর ছেলে সিদ্দিক আলী (৪০), রাজেন্দ্রবাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে খোরশেদ (২৬), নাটোরের গুরুদাসপুরের নয়ন বিশ্বাস (২২) এবং পাবনা জেলার আমিনপুর উপজেলার নওয়াবাড়ী গ্রামের আতোয়ারের ছেলে শেখ রতন (৩৫)|

পুলিশ জানায়, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে| আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে|

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১