প্রতিবেদনে জুন মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারন হিসাবে পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক, আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা ও সড়কে নির্মান ত্রুটিকে উল্লেখ করা হয়।
রবিবার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। জুন মাসে সিলেট জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন চালক ও ১২টি সড়ক দূর্ঘটনায় ১২ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৫ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া জুন মাসে নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন।