মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক নেতার করা অপহরণচেষ্টার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাটি করেছেন দলের সাবেক যুগ্ম সমন্বয়ক তামিম আহমেদ।
এর আগে বৃহস্পতিবার রাতে কুলাউড়া পৌরসভার বিছরাকান্দি এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, গতরাতে দলীয় কোন্দলের জেরে এনসিপির সাবেক নেতা তামিম ও তার সমর্থকদের সঙ্গে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার লোকজনের সংঘর্ষ হয়।
এর জেরে বৃহস্পতিবার রাতে থানায় হামলা ও অপহরণচেষ্টার অভিযোগে ১০ জনের নামে মামলা করেন তামিম। প্রধান আসামি করা হয় এহসান জাকারিয়াকে। রাতেই গ্রেফতার করা হয় জাকারিয়াসহ পাঁচজনকে। অন্যরা হলেন, মো. তোফায়েল আহমেদ, সাহেল আহমেদ, ফাহিম আহমেদ জনি ও সোহাগ মিয়া।
এজাহারে বাদীর অভিযোগ, জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার বিনিময়ে অভিযুক্তরা তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। তাতে রাজি না হওয়ায় তারা তামিমকে হত্যার হুমকি দেন।
তামিমের ভাষ্য, গতকাল সন্ধ্যায় মৌলভীবাজার থেকে বড়লেখা যাচ্ছিলেন তিনি ও তার পরিচিত কয়েকজন। পথে অভিযুক্তরা তাকে অপহরণের চেষ্টা করেন। তামিমের সঙ্গে থাকা কয়েকজন বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করা হয়। এতে তামিমসহ সাতজন আহত হন। পরে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
অন্যপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানালেন, গ্রেফতারকৃত পাঁচজনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।