সিলেট নগরীজুড়ে ৩২ ঘণ্টায় একাধিক অভিযানে ৫৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ বিভিন্ন অনিয়মে ৬৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিনভর নগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি, মাদক সংশ্লিষ্ট অভিযোগ এবং মেট্রো অধ্যাদেশে মোট ৩৪ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে নিয়মিত মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং কোতোয়ালী মডেল থানা এলাকায় একজনকে মাদক ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে। একই অভিযানে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া বিনা পরোয়ানায় একজনকে আটক এবং মেট্রো অধ্যাদেশে আরও ২৪ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৮০ বস্তায় প্রায় ২ হাজার ৪০০ কেজি ভারতীয় জিরা এবং ১২টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৩০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৩৪টি যানবাহন আটক করা হয়েছে। মামলা হওয়া যানবাহনের মধ্যে বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যান রয়েছে। আটক করা যানবাহনের মধ্যেও ট্রাক, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেল রয়েছে।
পরবর্তী সময় মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিয়মিত মামলার একজন, ওয়ারেন্টভুক্ত একজন, ১০ জন মাদকসেবী এবং ৮ জন সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে এবং মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।