বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সিলেট সফররত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সিলেট জেলা স্টেডিয়ামের মাঠ ও জিমনেসিয়ামের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং অবকাঠামোগত অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি জানান, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তিনি সবসময়ই নিবেদিতভাবে কাজ করছেন। এ সময় তিনি বিসিবির পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। শুধু তাই নয়, দেশের প্রয়োজনে আরও বড় দায়িত্ব নিয়েও কাজ করতে চান বলে উল্লেখ করেন।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি চাই সিলেটসহ দেশের সব অঞ্চলে ক্রিকেট অবকাঠামো আরও উন্নত হোক। এজন্য যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত।
এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটপ্রেমীরা বলেন, বিসিবি সভাপতির এ ধরনের পরিদর্শন ও বক্তব্য দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।