আজ শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ পবিত্র শবে বরাত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
আজ পবিত্র শবে বরাত

আজ মঙ্গলবার দিবাগর রাত। ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ সূর্যাস্তের পর শুরু ভাগ্য রজনী, ক্ষমালাভের রজনী, অসীম বরকতের রাত শবে বরাত। ইসলামে গুরুত্বপূর্ণ এই রাতকে অনেক মুসলমান ক্ষমা ও আত্মশুদ্ধির রাত হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে মুসলমানদের নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত। যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সিলেটসহ সারা দেশে ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাতটি পালন করবেন মুসলমানরা।

এই রাতে বিশেষ বরকত হাসিলের মানসে মুসলিম সম্প্রদায় নফল নামাজ আদায় ও কুরআন তেলাওয়াত, ইস্তেগফার, ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, তাসবিহ-তাহলিল, দোয়ায় মশগুল থাকেন। শবেবরাতকে ‘লাইলাতুল বারাআত’ নামে অভিহিত করেছেন অনেকে। ‘শব’ শব্দটি ফারসি, অর্থ রাত। আর  ‘বারায়াত’ শব্দের অর্থ হলো—নাজাত, নিষ্কৃতি বা মুক্তি। শাবান মাসের মধ্যবর্তী রাতে পবিত্র শবে বরাত পালিত হয়।

শবে বরাত উপলক্ষে সিলেটসহ সারা দেশের সকল মসজিদে ওয়াজ মাহফিল, জিকির-আসকারের আয়োজন করা হয়ে থাকে। শবেবরাত উপলক্ষ্যে আগামীকাল বুধবার সরকারি ছুটি। সংবাদপত্রও আজ বন্ধ থাকবে। এ রাতের তাত্পর্য তুলে ধরে রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। সংবাদপত্র প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।

শবে-বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, ‘এই সৌভাগ্যময় রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদান ও প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।’

রোজা:

শাবান মাসে বেশি বেশি রোজা রাখার কথা হাদিসে পাওয়া গেলেও ১৫ তারিখকে বিশেষভাবে রোজার জন্য নির্ধারণ করার বিষয়ে সহিহ হাদিস নেই। তাই এই দিনকে আলাদা করে ফরজ বা সুন্নত মনে করে রোজা রাখার বাধ্যবাধকতা নেই। তবে এই দিনে আইয়ামে বীজের রোজা রাখা যেতে পারে।

শবে বরাতের প্রচলিত রীতিনীতি:

বিশ্বের বিভিন্ন দেশে শবে বরাত নানা রীতিতে পালিত হয়। দক্ষিণ এশিয়ায় অনেক জায়গায় হালুয়া বা মিষ্টান্ন বিতরণ করা হয়। কোথাও কোথাও আতশবাজিও ফোটানো হয়, যা ধর্মীয় দৃষ্টিতে সমর্থিত নয় এবং কিছু আলেম একে বিদআত হিসেবে উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত এই রাতকে আলাদা করে উদযাপন করা হয় না।

করণীয় কী:

আলেমদের মতে, শবে বরাতে ইবাদত করা ফরজ বা বাধ্যতামূলক নয়। তবে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, নিজের ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা উত্তম আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গুনাহ থেকে তওবা করা এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা।

সব মিলিয়ে, শবে বরাত মুসলমানদের জন্য আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির একটি সুযোগ। এই রাতকে শান্তভাবে ইবাদত ও দোয়ায় কাটানোই ইসলামের মূল শিক্ষা।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০